ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়ে উন্মাদনা। শহর থেকে গ্রাম—সবখানেই দেখা যায় প্রিয় দলের পতাকা, জার্সি আর সমর্থকদের উচ্ছ্বাস। তবে ঝিনাইদহের এক শিশুর গল্প এবার সবার হৃদয় ছুঁয়ে গেছে।
ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্র আবির হোসেন (১১) অর্থাভাবে নিজের পছন্দের দল আর্জেন্টিনার পতাকা কিনতে পারেনি। কিন্তু প্রিয় দল ও ফুটবল তারকাকে ভালোবাসার টান তাকে থামাতে পারেনি। বাড়ির পাশে পড়ে থাকা পলিথিন সংগ্রহ করে সুতা দিয়ে সেলাই করে নিজ হাতে বানিয়ে ফেলে আর্জেন্টিনার পতাকা। এরপর সেটি বাড়ির উঠানে উড়িয়ে দেয় সে।
আবির স্থানীয় উজির আলী স্কুলের শিক্ষার্থী। তার বাবা আলিউল ইসলাম একটি গ্রিল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। অভাব-অনটনের সংসারে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বকাপ শুরুর পর থেকেই ছেলে একটি আর্জেন্টিনার জার্সি ও পতাকার জন্য আবদার করছিল। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হয়নি।
এদিকে আবিরের হাতে তৈরি পলিথিনের পতাকা নজরে আসে স্থানীয় এক আর্জেন্টিনা সমর্থকের। বিষয়টি জানানো হয় ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে। খবর পেয়ে ক্লাবের কয়েকজন সদস্য বুধবার বিকেলে আবিরের বাড়িতে যান।
সেখানে গিয়ে তারা আবিরকে আর্জেন্টিনার একটি আসল পতাকা, একটি ফুটবল এবং মেসির ১০ নম্বর জার্সি উপহার দেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আবির আবেগে আপ্লুত হয়ে পড়ে। নতুন উপহার হাতে পেয়ে তার চোখে আনন্দের অশ্রু ঝরে।
কান্নাজড়িত কণ্ঠে আবির জানায়, সে বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক লিওনেল মেসির একজন বড় ভক্ত। মেসির খেলা দেখেই আর্জেন্টিনার সমর্থক হয়ে ওঠে সে। জার্সি ও পতাকা কেনার সামর্থ্য না থাকায় ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পাওয়া পলিথিন দিয়েই নিজের স্বপ্নকে রঙ দিতে চেয়েছিল।
আবিরের বাবা আলিউল ইসলাম বলেন, সংসারের প্রয়োজনীয় খরচ মেটাতেই তাদের হিমশিম খেতে হয়। তাই ছেলের আবদার পূরণ করতে পারেননি। তবে উপহার পেয়ে তার ছেলে যে আনন্দ পেয়েছে, সেটিই এখন তাদের সবচেয়ে বড় সুখ।
ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অ্যাডমিন শাহজাহান নবীন বলেন, ফুটবলের প্রতি আবিরের ভালোবাসা এবং নিষ্ঠা তাদের গভীরভাবে নাড়া দিয়েছে। তার মুখে হাসি ফোটাতেই ক্লাবের পক্ষ থেকে এই ছোট্ট উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্লাবের আরেক অ্যাডমিন শাহীনুর রহমান লিটন বলেন, ডিজিটাল যুগে মোবাইল ফোন ও ভিডিও গেমের প্রতি ঝোঁক বাড়লেও আবিরের মতো শিশুরা এখনও খেলাধুলা ও স্বপ্নকে ভালোবেসে এগিয়ে যাচ্ছে। তার আবেগ ও ভালোবাসার প্রতি সম্মান জানাতেই তারা এই উপহার নিয়ে গিয়েছিলেন।
ছোট্ট আবিরের বিশ্বাসও অটুট। নতুন জার্সি গায়ে জড়িয়ে সে দৃঢ় কণ্ঠে বলে, “আমি খুব খুশি। ইনশাআল্লাহ, আর্জেন্টিনাই আবার বিশ্বকাপ জিতবে, আর মেসিই ট্রফি উঁচিয়ে ধরবে।”
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি